তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে অন্তত ২৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম

টানা এক সপ্তাহের তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে চরম তাপপ্রবাহ, বজ্রঝড়, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় কোটি কোটি মানুষ সতর্ক অবস্থায় রয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তীব্র গরমে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউ জার্সি অঙ্গরাজ্যে। সেখানে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে একজন এবং মিসিসিপিতে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বজ্রঝড়, দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ডেলাওয়ার, কানেকটিকাট ও নিউইয়র্ক মহানগরসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রায় তিন কোটি ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে। কোথাও কোথাও প্রায় সাড়ে সাত সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিরূপ আবহাওয়ার প্রভাবে পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে লাখো মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রার কারণে অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলসহ কয়েকটি শহরে প্রায় ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব উপকূলের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবদাহ অব্যাহত থাকবে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং অ্যারিজোনার ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এদিকে নিউইয়র্ক মহানগরের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, তীব্র গরমজনিত অসুস্থতায় এ পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

তাসনিম হোসেন