বিদায় মিছিলে উত্তাল ইরান, মুহুর্মুহু স্লোগান: ‘ট্রাম্পের মৃত্যু চাই’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম

ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় দিনের জানাজা ও শোক মিছিলে লাখো মানুষ অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয় এবং শোকাহত মানুষের ঢল নামে।

সোমবার স্থানীয় সময় সকাল ছয়টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক মিছিল শুরু হয়। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ দুই দিন রাখা হয়েছিল।

মিছিলে অংশ নেওয়া শোকাহতরা বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড বহন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ ও শোক প্রকাশ করেন। কিছু ব্যানারে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ও বার্তাও দেখা যায়।

শোকাহতরা ‘ট্রাম্পকে হত্যা করো’ লেখা ব্যানার ও প্লাকার্ড বহন করেন। ব্যানারটিতে ট্রাম্প শব্দটির ওপর দিয়ে চলে যাওয়া একটি বুলেটও দেখানো হয়েছে।

অন্য শোকাহতরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিসহ প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল, ‘সেখানেও রক্তপাত হবে’।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই শোক র‌্যালি প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্কয়ার প্রদক্ষিণ করার কথা রয়েছে। এতে পুরো কর্মসূচি সম্পন্ন হতে প্রায় দশ থেকে বারো ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিছিলটি দামাভান্দ সড়ক, ইমাম হুসেইন স্কয়ার, এনকেলাব সড়ক, আজাদি সড়ক ও আজাদি স্কয়ার হয়ে শহিদ লাশগারি মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে।

তাসনিম হোসেন