সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের সকল মাদ্রাসায় প্রতিদিনের প্রারম্ভিক সমাবেশ (শারীরিক কসরত) ও নিয়মিত খেলাধুলার আয়োজন নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। একই সাথে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের স্থায়ী শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে যেকোনো একজনকে সাময়িকভাবে এই দায়িত্ব দেওয়ার এবং শূন্য পদগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই ২০২৬) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি দাপ্তরিক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের পত্রে উল্লেখ করেছে, বর্তমান সরকার দেশের প্রান্তিক পর্যায়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার প্রসার ও উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের যুবসমাজকে সুগঠিত করা এবং তারুণ্যের শক্তির ওপর ভর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতিদিনের সমাবেশ বা শারীরিক কসরত এবং নিয়মিত খেলাধুলার আয়োজন করা অত্যন্ত জরুরি ও আবশ্যক।

প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি বিশেষ নির্দেশনা

উদ্ভূত পরিস্থিতিতে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল মাদ্রাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিদিনের প্রারম্ভিক সমাবেশ এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করবেন। একই সাথে সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব মাদ্রাসায় বর্তমানে সহকারী শিক্ষকের (শারীরিক শিক্ষা) পদটি খালি বা শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে এই বিষয়ে উপযুক্ত, অভিজ্ঞ ও খেলাধুলায় পারদর্শী যেকোনো একজন শিক্ষককে সাময়িকভাবে এই কাজের দায়িত্ব প্রদান করবেন। এর পাশাপাশি শূন্য পদটি স্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তাসনিম হোসেন