তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানী তেহরানে শুরু হওয়া এ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। এর আগে এখানে দুই দিন ধরে সাধারণ মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই শোক র‌্যালি ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এবং প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে। রুটে রয়েছে দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছের শহীদ লাশগরি হাইওয়ে।

কর্মকর্তারা বলছেন, এই জানাজা ও শোক র‌্যালিতে আধুনিক ইতিহাসে অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে।

এর আগে রোববার আয়াতুল্লাহ জাফর সোবহানী নিহত নেতার জানাজায় ইমামতি করেন, যেখানে তার পরিবারের সদস্যদেরও জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নজফ ও কারবালা পবিত্র স্থানে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে তাকে দাফন করা হবে।

তাসনিম হোসেন