প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো হাওয়া ও আরও বেশি গতির দমকা বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলজুড়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সুপার টাইফুনের কারণে সমুদ্রে প্রায় ১১ মিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে, যা উপকূলীয় এলাকায় বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান ও রোটা দ্বীপের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে। গত এপ্রিলেও এই অঞ্চলে আরেকটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছিল। তার রেশ কাটতে না কাটতেই নতুন এই দুর্যোগ দেখা দিল।
ঝড় আঘাত হানার আগে গুয়ামের হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়ে চলে যান। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরের আগে ঝড়ের তীব্রতা কমার সম্ভাবনা খুবই কম।
মার্কিন সামরিক বাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বাভিকে সুপার টাইফুন হিসেবে ঘোষণা করেছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং ‘এল নিনো’ প্রভাবের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমেই বাড়ছে।