ভেনেজুয়েলায় ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির মধ্যেই সামনে এসেছে এক হৃদয়বিদারক আত্মত্যাগের গল্প। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিজের শরীর দিয়ে মেয়েকে আগলে রেখে জীবন দিয়েছেন এক মা।

গত বুধবার লা গুয়াইরা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একটি আবাসিক ভবন হঠাৎ ধসে পড়ে। ওই সময় ভবনের ভেতরে ছিলেন ফুটবলার হেক্টর বেয়োর স্ত্রী আন্দ্রেয়া, তাদের এক বছর বয়সী কন্যা আলানা এবং পরিবারের আরও কয়েকজন সদস্য।

ধ্বংসস্তূপে চাপা পড়ার মুহূর্তে আন্দ্রেয়া নিজের শরীর দিয়ে ছোট্ট মেয়েকে ঢেকে রাখেন, যাতে শিশুটি আঘাত থেকে বেঁচে যায়। পরে উদ্ধারকর্মীরা আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করেন। তবে আশ্চর্যজনকভাবে জীবিত অবস্থায় পাওয়া যায় ছোট্ট আলানাকে।

চিকিৎসকদের ধারণা, মায়ের শেষ মুহূর্তের এই আত্মত্যাগই শিশুটির জীবন রক্ষা করেছে। বর্তমানে আলানা এবং তার খালা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফুটবলার হেক্টর বেয়ো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, একদিন তিনি তার মেয়েকে জানাবেন, তার মা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিলেন। তিনি স্ত্রীকে “সত্যিকারের বীর মা” হিসেবে আখ্যা দেন।

আরেকটি বার্তায় তিনি লেখেন, কীভাবে তিনি মেয়েকে বোঝাবেন যে তার জীবন বাঁচাতে মা নিজের জীবন উৎসর্গ করেছেন—এই শূন্যতা পূরণ করা তার জন্য অসম্ভব।

এদিকে একই ভূমিকম্পে সাবেক বিউটি কুইন গিসেল রেয়েসের মা ওমাইরা রেয়েসও প্রাণ হারিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন এবং ৪ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন। আরও বহু মানুষ এখনো নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধার অভিযান চলছে।

তাসনিম হোসেন