সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১২:৩৯ এএম

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সিলেট জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম।

আদালত সূত্র জানায়, গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। পরে আদেশের অনুলিপি ঢাকার মহানগর হাকিম আদালতে পাঠানো হলে রোববার তা নথিভুক্ত করা হয়।

আদেশ অনুযায়ী, গত ২৪ মে ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ উত্তোলন করা হবে। এ সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের আবেদন করেন। এর পরদিন আদালত মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশ দেন।

পরে ২৩ জুন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর (কুমকুম) মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলেও আদালত সেটি নথিভুক্ত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেন তার মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

 

তাসনিম হোসেন