ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

ছবি: প্রজন্ম ২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধারের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক গ্রেফতারের তালিকায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে। মিরপুর বিভাগ কর্তৃক ১২০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৩১ জন এবং ডিএমপির ডিবি বা গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা ও ২ হাজার ২৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি চাকু, ১টি এন্টিকাটার এবং ৫টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই সাথে চোরাই বা অপরাধসংশ্লিষ্ট দরজা ও জানালায় ব্যবহার্য বিভিন্ন সাইজের ১৫টি পুরাতন অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা এবং নগদ ৮,৩৫০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক, অস্ত্র ও চুরির অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

তাসনিম হোসেন