কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০১:০২ পিএম

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের বরইতলা এলাকার একটি বাসায় গ্যাসলাইনের কাজ করার সময় পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত শ্রমিকরা হলেন—রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। তাদের ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের সহকর্মী সজীব জানান, গতকাল শুক্রবার রাতে কেরানীগঞ্জের বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় তারা গ্যাসলাইনের মেরামত ও সংযোগের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে অন্য সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসাধীন ৩ শ্রমিকই আশঙ্কামুক্ত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন আহত রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুই শ্রমিক রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তবে তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এ মুহূর্তে দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও তিনজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তাসনিম হোসেন