লালমনিরহাটে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তাদের তিন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে (পুশইন) দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া বাধার মুখে তারা বর্তমানে কাঁটাতারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ শনিবার (১১ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রামের ওপারে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সদর থানার খরখড়িয়া গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ধবলসূতি গ্রাম সীমান্তের ৮৩৩ মেইন পিলারের সাব পিলার ৯ এর মাঝামাঝি স্থান দিয়ে ওপারে নিয়োজিত ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিনজন ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের ধবলসূতি ক্যাম্পের টহল দলের সদস্যরা বিষয়টি টের পেয়ে যান। তারা তাৎক্ষণিকভাবে বিএসএফকে সতর্কবার্তা দিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই তিন নাগরিককে নিয়ে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে চলে যায়।

বিজিবির কড়া প্রতিবাদ

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনার পরপরই তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বিএসএফ কমান্ডারের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেছেন। তিনি বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ করানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান এবং ভারতীয় নাগরিকদের দ্রুত মূল ভূখণ্ডে ফেরত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তাসনিম হোসেন