মিয়ানমারে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত

প্রতিবেশী দেশ মিয়ানমারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সবশেষ আজ শনিবার (১১ জুলাই) ভোররাতে দেশটিতে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। এর আগের দিন গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায়ও সেখানে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এনসিএস জানায়, শনিবারের ভূমিকম্পটি ভারতীয় প্রমাণ সময় (আইএসটি) রাত ১২টা ২০ মিনিটে আঘাত হানে। কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে (আইএসটি) প্রথম দফায় কেঁপে ওঠে মিয়ানমার। ৪ দশমিক ৫ মাত্রার ওই প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূগর্ভের আরও গভীরে, প্রায় ১০০ কিলোমিটার নিচে। পর পর দুটি কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক ঝুঁকি ও স্থায়ী সতর্কতা

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিসমিক অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত চারটি প্রধান টেকটোনিক প্লেটের—ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা প্লেট—সংযোগস্থলে অবস্থান করায় এখানকার ভূগর্ভস্থ ফল্টলাইনগুলো প্রতিনিয়ত সক্রিয় থাকে। ফলে এই অঞ্চলে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প এবং এর উপকূলরেখা বরাবর সুনামির একটি স্থায়ী ঝুঁকি রয়েই গেছে।

তাসনিম হোসেন