মোদীর পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের অনশনে ককরোচ পার্টির প্রধান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে। সমাজকর্মী সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে হাসপাতলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে শনিবার (১৮ জুলাই) তিনি এ ঘোষণা দেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে।

শনিবার (১৮ জুলাই) এক ভিডিওবার্তায় তিনি জানান, সোনম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতলে নিয়ে গেছে বলে তাদের দাবি। এ ঘটনার প্রতিবাদে তিনি অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন।

ভিডিওবার্তায় অভিজিৎ দিপকে বলেন, ‘তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব।’

তিনি আরও বলেন, ‘এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করছি।’

এদিকে, সিজেপি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, দলের আহ্বায়ক অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

তবে সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার বিষয়ে পুলিশ বা ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
 
 

তাসনিম হোসেন