বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফার রেফারি প্যানেল থেকে বাদ পড়া নেদারল্যান্ডসের আন্তর্জাতিক রেফারি রব ডিপেরিঙ্ক মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) সকালে দেশটির বোরকোলু শহরে নিজ বাসভবনের সামনের সড়ক থেকে ৩৮ বছর বয়সী এই রেফারির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডাচ সংবাদমাধ্যম ডি টেলিগ্রাফ জানায়, ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে গোপনীয়তার স্বার্থে মৃত্যুর কারণ বা তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডিপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ একজন রেফারিকে হারানোর পাশাপাশি তারা একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকেও হারিয়েছে।

চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের শীর্ষ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের একজন হিসেবে দায়িত্ব পাওয়ার কথা ছিল ডিপেরিঙ্কের। তবে গত এপ্রিল মাসে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলে ফিফা তাকে সাময়িকভাবে বিশ্বকাপ প্যানেল থেকে সরিয়ে দেয়।

পরে ব্রিটিশ পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দেয় এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানায়। এরপরও ফিফা তাকে বিশ্বকাপের রেফারি তালিকায় পুনর্বহাল করেনি। বিষয়টি নিয়ে ডিপেরিঙ্ক প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিলেন। তার ভাষায়, নির্দোষ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপ থেকে বাদ পড়া তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

অন্যদিকে, ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন শুরু থেকেই তার পাশে ছিল। মামলা খারিজ হওয়ার পর তাকে আবারও নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসায় ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হয়।

২০১৭ সালে শীর্ষ পর্যায়ের রেফারিং ক্যারিয়ার শুরু করা রব ডিপেরিঙ্ক ঘরোয়া ফুটবলে ৮৪টি ম্যাচ পরিচালনা করেন। এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিলেন। বর্তমানে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।

তাসনিম হোসেন