শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারত থেকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তিনি যদি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে থাকেন, সেটিকে সরকার ইতিবাচকভাবে দেখছে। দেশে ফিরে তিনি মামলার মুখোমুখি হবেন এবং আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চলবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে এবং পুরো বিচারপ্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনার ব্যবস্থা রয়েছে। আদালতে শেখ হাসিনা যদি নিজের অবস্থান প্রমাণ করতে পারেন, তাহলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। সরকারের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে এবং তা জনগণের কাছে তুলে ধরতে চায়।

তিনি জানান, জাতীয় সংসদে গৃহীত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কাজ করবে। তবে যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেসব বিষয় বাস্তবায়নের আওতায় আসবে না।

এদিকে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যা মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তাসনিম হোসেন