চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে রাজধানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি তুলে ধরে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। দাবি পূরণ না হলে দিনব্যাপী মহাসড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ সৃষ্টি তাদের উদ্দেশ্য নয়। তবে প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা শিক্ষার্থী-বান্ধব ও মানবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, এইচএসসি ২০২৬ ব্যাচকে নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা বন্ধ, দেশব্যাপী অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ১৪ নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান, শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল।