রাজনগরের বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

ছবিঃ মৌলভীবাজার প্রতিনিধি

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় একামধু মনু নদীর তীরে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, "দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও অঙ্গীকার। বন্যাকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, নোবেল চাকমা ও আবুল খায়েরসহ রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দুর্যোগের এ সময়ে বাংলাদেশ পুলিশের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা বন্যাদুর্গত মানুষের পাশে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 
 

তাসনিম হোসেন