যুদ্ধকালীন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ জ্বালানি খাতের নির্বাহী সের্গেই কোরেৎস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভার পুনর্গঠনের অংশ হিসেবে তার নিয়োগ অনুমোদন করেছে ইউক্রেনের পার্লামেন্ট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৮ বছর বয়সী সের্গেই কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। যুদ্ধ শুরুর পর তিনি ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে তিনি কখনও কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন না।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও দক্ষ ব্যবস্থাপক হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাই তাকে এ দায়িত্বের জন্য এগিয়ে রেখেছে। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোও একই মত প্রকাশ করেছেন।

জ্বালানি খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে কোরেৎস্কির। ২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউক্রনাফতারও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ডব্লিউজিওজি জ্বালানি স্টেশন চেইনের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি ব্যবসায়িক উদ্যোগের অংশ হিসেবে একটি কফি চেইনও প্রতিষ্ঠা করেছিলেন।

নতুন প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আসন্ন শীত মৌসুমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে। গত শীতে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করাও নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

 

তাসনিম হোসেন