স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট

তাসনিম হোসেন
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের জন্য আগামী ২৭ আগস্ট সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩ শাখা) মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (জেলা পরিষদ ব্যতীত) নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণের পর এলাকা ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ এবং তা নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৮ আগস্ট পর্যন্ত খসড়া তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত আপত্তি ও দাবিগুলো ২৩ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ২৭ আগস্ট সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 
 

তাসনিম হোসেন