জুলাই গণ-আন্দোলনের স্মৃতি সংরক্ষণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

জুলাই গণ-আন্দোলনের স্মৃতি তুলে ধরা এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের এই কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় ১ থেকে ১৫ জুলাই দেশের বিভিন্ন জেলা শহরে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী এবং দেয়ালচিত্র অঙ্কনের আয়োজন করা হয়েছে।

জুলাই গণ-আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিনে, অর্থাৎ ৫ আগস্ট, সারাদেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, অতীতের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার ধারা অনুসরণ করে আবারও একক কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, বিচার কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করে নিপীড়নমূলক শাসন কায়েম করেছে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার কাঠামো ও জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে বলেও তিনি অভিযোগ করেন।

 

তাসনিম হোসেন