সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে জনকল্যাণমূলক উদ্যোগের সমন্বয়ে চালু করা হচ্ছে ‘থাই মামান সোনার আংটি’ প্রকল্প।
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ‘থাই মামান সোনার আংটি’ নামে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমধর্মী সামাজিক কল্যাণ কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তামিল সমাজের প্রচলিত ‘থাই মামান সির’ রীতি থেকে অনুপ্রাণিত হয়ে প্রকল্পটি চালু করা হয়েছে। এই ঐতিহ্য অনুযায়ী, নবজাতকের জন্ম উপলক্ষে তার মামা শিশুকে আশীর্বাদ ও উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েই এবার সরকার নবজাতকদের প্রতি অভিভাবকসুলভ দায়িত্ব পালনের উদ্যোগ নিয়েছে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন উপলক্ষে গত ২২ জুন থেকেই প্রকল্পটির সুবিধা কার্যকর হয়েছে। ফলে ওই তারিখের পর থেকে রাজ্যের যেকোনো সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক সোনার আংটি পাওয়ার জন্য বিবেচিত হবে।
তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
সরকার জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য বাজেটে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকের পরিবারকে আনন্দ দেওয়ার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাঘাম-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এই প্রকল্প। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।