রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ইউক্রেন ৬৬০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী, রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চল লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয়।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজভ সাগরসহ এক ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। তথ্যটি রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ম্যাক্সে প্রকাশ করা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবা কর্মীরা কাজ করছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়ার তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে শেকিনো এলাকায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে, বিশেষ করে তেল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে। এর মাধ্যমে রাশিয়ার যুদ্ধ অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎসে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘস্থায়ী এই যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। এর আগেও ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর কাছের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা যায়।