লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় নিহতদের একমাত্র ছেলে বাদী হয়ে থানায় মামলাটি করেন।
শুক্রবার বিকেলে নিহত শাহিনুর বেগমের ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের একটি পাঁচতলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার শিফা (১০)কে কুপিয়ে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চিৎকার শুনে স্থানীয় এক নারী সন্দেহভাজন একজনকে ভবনের ভেতরে দেখতে পান এবং বাইরে থেকে গেট বন্ধ করে দেন। এতে অভিযুক্ত ব্যক্তি ভবনের ভেতরে আটকা পড়েন।
পরে তিনি ছাদে উঠে পাশের ভবনে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত ব্যক্তিটি প্রায় দেড় বছর ওই ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। প্রায় আট মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান।
স্থানীয়দের ধারণা, বাসায় থাকা স্বর্ণালংকার ও ভাড়া সংক্রান্ত তথ্য জানার কারণে তিনি ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা ঘটাতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
নিহত শাহিনুরের ভাই ছানা উল্লাহ দাবি করেন, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অন্যদিকে নিহতের ছেলে সিফাত বলেন, অর্থ বা মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্য থাকতে পারে, তবে তদন্তে প্রকৃত কারণ বের হবে।
রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, একজনের পক্ষে চারজনকে হত্যা করা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।