শর্তহীনভাবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৮:১৯ পিএম

লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে শর্তহীনভাবে সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে সংগঠনটি প্রয়োজনীয় জবাব দেবে।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরায়েলকে অবশ্যই লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি অভিযোগ করেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় এখনো ইসরায়েলি সেনাদের উপস্থিতি রয়েছে এবং যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলা চালানো হচ্ছে। তার দাবি, ইসরায়েলের অবস্থান নিরাপত্তার অজুহাত হলেও মূল উদ্দেশ্য দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

হিজবুল্লাহ নেতা বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং বিদেশি বাহিনীর সেখানে থাকার কোনো বৈধতা নেই। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির অর্থ উভয় পক্ষের সামরিক অভিযান বন্ধ হওয়া, একতরফা হামলা চালিয়ে যাওয়ার সুযোগ নয়।

তিনি সতর্ক করে জানান, যুদ্ধবিরতি ভঙ্গ হলে হিজবুল্লাহ পাল্টা জবাব দেবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই চুক্তি প্রতিরোধের অবস্থানকে শক্তিশালী করেছে এবং তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির জন্য একটি পরাজয়ের ইঙ্গিত।

লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিদেশি নির্দেশনা বাস্তবায়ন বন্ধ করতে হবে।

 

তাসনিম হোসেন