ব্যবসায়ীকে শারীরিক হেনস্থা করে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

বরিশালে এক ব্যবসায়ীকে মারধর করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে নগরীর সদর রোড এলাকায় একটি কার্যালয়ে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, গোয়েন্দা ও মহানগর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে দুপুরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তাসনিম হোসেন