দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

বিয়েতে ধার্য করা দেনমোহর আদায়ের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও নির্দেশনা জারির আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট করেন।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর সংশ্লিষ্ট ধারার অধীনে দেনমোহর আদায় ও মূল্যায়নের জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়, বিবাহের এক বছর পর দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি নির্ধারণসহ একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যাতে নারীদের আর্থিক অধিকার সুরক্ষিত থাকে এবং আইনের অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

তাসনিম হোসেন