যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে আবারও নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রাখলেও এখনো তাকে নোবেল দেওয়া হয়নি।
মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকরা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি নোবেল পুরস্কার ও অলিম্পিক পদক অর্জন করেছেন। এরপর তিনি বলেন, “তবে তারা আমাকে একটিও দেয়নি।”
ট্রাম্পের দাবি, তিনি আটটি যুদ্ধ বা সংঘাত মিটমাট করেছেন, কিন্তু তার সেই ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার পাননি। তবে এ দাবির সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।
নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। এর আগে একাধিকবার তিনি নিজেকে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছিলেন।
এদিকে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যঙ্গ করে লেখেন, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া উচিত, কারণ তিনি “অন্তত ৩৮ বার” ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার দাবি করেছেন।