নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থবছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্যদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে নারীদের শিক্ষাকে প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে কর্মসূচি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্য এই সুবিধার আওতায় আসবেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে এবং উন্নয়ন কার্যক্রমে কোনো বাধাকে বাধা হিসেবে দেখবে না।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগও সম্প্রসারণ করা হবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা তাকে স্বাগত জানান।