ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন সমাপ্ত হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস, ৩১৬ জন সংসদ সদস্যের বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
অধিবেশন শেষে জানানো হয়, দ্বিতীয় অধিবেশন মোট ২৬ কার্যদিবস চলেছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে ১৪ কার্যদিবস, যা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এ আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।
অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জমা পড়া ৭১৫টি নোটিশের মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয় এবং ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়।
প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য জমা পড়া ২৭৮টি প্রশ্নের মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
অধিবেশন শেষে ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।