মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) গাইবান্ধা সফরে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
গত ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় নিহত ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারির কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সার্বিক খোঁজখবর নিতে গাইবান্ধার উদ্দেশ্যে সফরে যাচ্ছেন ডা. এস এম খালিদুজ্জামান ও নুরুল ইসলাম সাদ্দাম।
সফরসূচি অনুযায়ী, তারা প্রথমে সাইফুল্লাহ বারির কবর জিয়ারত করবেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাবেন এবং পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেবেন।
যে ঘটনায় নিহত হন সাইফুল্লাহ বারি
গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারি। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবদল নেতা মোখলেসুর রহমান মুকুল ও তার সহযোগীরা তাকে ছুরিকাঘাত ও লাঠিপেটা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন সাইফুল্লাহ বারির বাবা বাদী হয়ে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের অংশ হিসেবে ২ জুলাই অভিযুক্ত মোখলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
পরিবারকে সাহস জোগাতেই এই সফর
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডা. এস এম খালিদুজ্জামান ও ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের এ সফরের মূল উদ্দেশ্য নিহত সাইফুল্লাহ বারির পরিবারের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সমবেদনা জানানো এবং মানবিক সহায়তার বিষয়গুলো পর্যালোচনা করা।
এ সময় তারা সাইফুল্লাহ বারি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানাবেন বলে জানা গেছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেবেন।
সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে শুধু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশই নয়, বরং হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জোরালোভাবে তুলে ধরা হবে।