শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও, তিন দফা দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শেষে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ২০২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী পরিচয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে শিক্ষার্থীরা তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন এবং ঘেরাও কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাসনিম হোসেন