মধ্যবাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু, আটক অভিযুক্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডায় সাবেক স্বামীর ধারালো অস্ত্রের হামলায় ঝুমুর আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডিআইটি প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডের একটি বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন ঝুমুর আক্তার। এ সময় পেছন থেকে এসে তার সাবেক স্বামী রেজাউল অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন ঝুমুর।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে রেজাউল পালানোর চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করে। পরে গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ঝুমুরের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম জাফর হাওলাদার। স্বজনরা জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি হোটেলকর্মী রেজাউলকে বিয়ে করেন। বাড্ডা এলাকায় দুই থেকে তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে তাকে তালাক দেন। এরপর ঝুমুর গ্রামের বাড়িতে ফিরে যান এবং পরে এক প্রবাসীকে বিয়ে করেন।

ঝুমুরের দূরসম্পর্কের আত্মীয় মনিকা আক্তার জানান, দুই-তিন দিন আগে ঝুমুর বরিশাল থেকে ঢাকায় এসে বর্তমান স্বামীর মিরপুরের বাসায় ওঠেন। মঙ্গলবার সকালে তিনি মধ্যবাড্ডায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। বিকেলে মনিকা ও তার মা অজিফা বেগমকে নিয়ে বাইরে বের হলে রেজাউল তাদের অনুসরণ করেন। তবে বিষয়টি তারা বুঝতে পারেননি।

সন্ধ্যায় বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে ঝুমুরের ওপর হামলা চালানো হয়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে ঘটনাস্থলেই আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

তাসনিম হোসেন