বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তরার বিএনএস সেন্টারের সামনে তারা সমবেত হন।
দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়কে নেমে অবরোধ গড়ে তুললে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেন তারা।
এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।