আন্দোলনের মধ্যেই শুরু এইচএসসি পরীক্ষা, শেষেই শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

ছবি: সংগৃহীত

পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে। এদিকে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরীক্ষা স্থগিতের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চললেও বুধবার (১৫ জুলাই) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশের অধিকাংশ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

তবে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এ দিনের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির মতে, চট্টগ্রাম ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা গ্রহণের পরিবেশ অনুকূলে থাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন একদল শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে রয়েছে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এদিকে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ঘোষণায় জানিয়েছেন, বুধবার পরীক্ষা শেষ হওয়ার পর বেলা দেড়টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি শুরু হবে। ‘শিক্ষা আমাদের অধিকার, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে ঘোষিত এ কর্মসূচিতে এইচএসসি পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 
 

তাসনিম হোসেন