বিশ্বকাপে ইতিহাস গড়ে কেপ ভার্দে, পাচ্ছে ২৫৯ কোটি টাকার পুরস্কার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই আলোচনায় এসেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ ৩২ পর্যন্ত পৌঁছানোর পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে দলটি।

প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নেয়। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য সমতায় আটকে দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে এবং শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য সমতা এনে ইতিহাস গড়ে।

শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও দুইবার সমতায় ফিরলেও অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি। তবে তাদের লড়াকু পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের জন্য মোট ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে এক কোটি মার্কিন ডলার। প্রস্তুতি, ভ্রমণ ও অন্যান্য খরচ বাবদ দেওয়া হবে আরও ২৫ লাখ মার্কিন ডলার।

এ ছাড়া তুলনামূলক ছোট ফুটবল দেশগুলোর জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। যাতায়াত, টিকিট ও সাংগঠনিক ব্যয় মেটাতে কেপ ভার্দে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বেশি সহায়তা পাবে।

নকআউট পর্বে ওঠার সুবাদে দলটি অতিরিক্ত এক কোটি ১০ লাখ মার্কিন ডলারও পাবে। সব মিলিয়ে কেপ ভার্দের মোট প্রাপ্তি দাঁড়াবে অন্তত ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫৯ কোটি টাকার সমান।

এই অর্থ দেশটির ফুটবল সংস্থার তহবিলে জমা হবে। ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক দল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম এবং ফুটবলের সার্বিক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

তাসনিম হোসেন