যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখে মেসিসহ পুরো আর্জেন্টিনা দল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলতে ফ্লোরিডার উদ্দেশে রওনা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরে পুরো দলকেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়, যেখানে ছিলেন অধিনায়ক লিওনেল মেসিও।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপের বেস ক্যাম্প রয়েছে। পরবর্তী ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম, যেখানে তারা কেপ ভার্দের মুখোমুখি হবে।

মিসৌরি থেকে বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা চেকের অংশ হিসেবে খেলোয়াড়দের এই তল্লাশি করা হয়। এ সময় দলের সদস্যরা নিজেদের লাগেজ নিরাপত্তাকর্মীদের কাছে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

তল্লাশির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসিকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীর তল্লাশি করা হচ্ছে। আরেকটি দৃশ্যে রদ্রিগো ডি পলের সঙ্গে থাকা অবস্থায় মেসিকে হাসতে দেখা যায়, যা দর্শকদের নজর কাড়ে।

এদিকে প্রতিপক্ষ কেপ ভার্দে এবারের আসরে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছে। তিন ম্যাচে তারা এখনো অপরাজিত থাকলেও জয় পায়নি। সবচেয়ে ছোট দেশ হিসেবে তাদের নকআউটে ওঠা আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময় অনুযায়ী, দুই দলের এই ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার ভোর ৪টায়।

 

তাসনিম হোসেন