যুক্তরাষ্ট্রকে হারানোর পরে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা- ‘এবার এটা পাল্টে দেখাও’

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। তবে শুধু মাঠের জয়েই থামেনি ইউরোপের দলটি। বিতর্কিত ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমেও যুক্তরাষ্ট্রকে দুই শব্দের বার্তা দিয়ে খোঁচা দিয়েছে তারা।

শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারানোর পর বেলজিয়াম নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ওভারটার্ন দিস’—অর্থাৎ ‘এবার এটা পাল্টে দেখাও’। বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের বিতর্ককে ইঙ্গিত করেই এমন বার্তা দিয়েছে ইউরোপের দলটি।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা থাকলেও শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর শাস্তি স্থগিত করে ফিফা। এ সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার এ সিদ্ধান্তকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও বিষয়টি নিয়ে আপত্তি জানায়। তাদের মতে, এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ফুটবলে নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রভাব বিস্তার করেছিলেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ম্যাচ শেষে বেলজিয়ামের অধিনায়ক ইউরি টিলেমানস জানান, বিতর্কিত ঘটনাটি তাদের বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল। তিনি বলেন, দলের আলোচনায় সবাই সিদ্ধান্ত নিয়েছিল মাঠের পারফরম্যান্স দিয়েই এর জবাব দিতে হবে।

বেলজিয়াম সেই জবাব দিয়েছে দারুণভাবে। চার্লস ডি কেটেলারের জোড়া গোলের পাশাপাশি দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে ৪-১ গোলের জয় তুলে নেয় তারা। এই হারের মধ্য দিয়ে কানাডা ও মেক্সিকোর পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শেষ স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সামনে এখন আরও বড় পরীক্ষা। আগামী ১১ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সেমিফাইনালের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। শেষ ষোলোতে স্পেন ১-০ গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

তাসনিম হোসেন