রাজধানীর মহাখালী এলাকায় দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার ঘটনায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাঁচ বছর আগে ঘটে যাওয়া ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় দেন। ২০২১ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মামলার নথি অনুযায়ী, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেন ফাতেমা বেগম ওরফে শিল্পী। হত্যার পর ঘটনা আড়াল করতে মরদেহ ছয় টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
মরদেহের বিভিন্ন অংশ পরে উদ্ধার করে পুলিশ। এর মধ্যে মূল দেহ পাওয়া যায় মহাখালীর আমতলী সড়কে। দুই হাত ও দুই পা উদ্ধার করা হয় মহাখালীর এনা বাস কাউন্টারের সামনে থেকে। আর মাথার অংশ উদ্ধার করা হয় বনানী ১১ নম্বর এলাকার লেক থেকে।
পরে তদন্তের মাধ্যমে ফাতেমা বেগমকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।
বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামতের ভিত্তিতে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে।