রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ গণঅধিকার পরিষদের জেলা শাখার এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি জলমনি চাকমা (৪৯) এবং নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)। নতুন বাবু তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাঙামাটি কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়াবা উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।