ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের নিজস্ব উদ্যোগ এবং দেশটি যত দ্রুত অগ্রসর হতে চাইবে, চীন তত দ্রুত সহযোগিতা দিতে প্রস্তুত। ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা নদী প্রকল্পটি মূলত বাংলাদেশেরই প্রকল্প। এখানে চীনের সহযোগিতা বা অংশগ্রহণ পারস্পরিক স্বার্থ ও লাভজনক ভিত্তিতেই বিবেচিত হবে।
তিনি আরও বলেন, এই প্রকল্প মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে তিস্তা অববাহিকার ১০ লাখেরও বেশি মানুষের জীবিকা এর সঙ্গে যুক্ত। তাই চীন এ উদ্যোগে সহযোগিতা দিতে আগ্রহী।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রসঙ্গে তিনি বলেন, নদী অববাহিকায় নানা জটিলতা রয়েছে। ফলে প্রকল্প শুরু করার আগে সম্ভাব্যতা যাচাই অত্যন্ত জরুরি। তবে বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত অগ্রসর হবে—এটাই তাদের অবস্থান।
সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরকে ইতিবাচক উল্লেখ করেন। তার ভাষায়, নতুন সরকারের প্রধানের সাম্প্রতিক চীন সফর সম্পূর্ণ সফল হয়েছে এবং এটি দুই দেশের সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে গেছে।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে আস্থার নতুন স্তর তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়িত হলে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে।