খামেনির দাফন আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে ব্যাপক শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় দেশি-বিদেশি প্রতিনিধি ও ধর্মীয় নেতারা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

শুক্রবার ভোরে আয়াতুল্লাহ খামেনি এবং তার সঙ্গে নিহত ব্যক্তিদের মরদেহ তেহরানের প্রধান ইবাদতস্থল গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়। সেখানে দুই দিনের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথম দিকেই ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি ইরানের স্বীকৃত বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ একশোর বেশি দেশের সরকারি প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি, ধর্ম ও রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে জানাজায় অংশ নিতে। তার মতে, এর মাধ্যমে জাতীয় ঐক্য এবং ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি জনগণের সমর্থন প্রকাশ পাবে।

ইরানি কর্মকর্তাদের ধারণা, এই জানাজায় প্রায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।

দাফন অনুষ্ঠান শনিবার ও রোববার পর্যন্ত চলবে। এরপর সোমবার তেহরানে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পবিত্র কোম শহরে নেওয়া হবে। সেখান থেকে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

তাসনিম হোসেন