আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা গতিতারকা শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাপুর জাদরান আফগানিস্তান ক্রিকেটের উত্থানের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নিজের গতিময় বোলিং, লড়াকু মানসিকতা এবং দলের প্রতি নিবেদিত ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের পরিচিতি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তাঁর মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ও বর্তমান ক্রিকেটার, সমর্থক এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন।