প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (২৪ ২৪ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো বাংলাদেশকে আর পরনির্ভরশীল না রেখে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
একটি বিশেষ মহলের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, একটি গোষ্ঠী দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সরকারের আমলে কোনো ধরনের দেশবিরোধী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে রিজভী বলেন, যারা বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছেন, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। তিনি দাবি করেন, বর্তমান বাংলাদেশে গুম কিংবা ক্রসফায়ারের মতো কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সংস্কৃতিও বন্ধ হয়েছে। এর পাশাপাশি, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ ও নিজস্ব গতিতে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।