‘ইরানের পক্ষে রাশিয়া-চীন-তুরস্কের যুদ্ধ আমিই থামিয়েছি’— ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষে রাশিয়া, চীন ও তুরস্কের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলেও নিজের কূটনীতি দিয়ে তা থামিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন পরাশক্তির যুদ্ধ থেকে দূরে থাকাকে এক অবিশ্বাস্য ও চমকপ্রদ কূটনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ওয়াশিংটনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় বিশ্বের প্রভাবশালী তিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নিজের ব্যক্তিগত যোগাযোগ ও সফল কূটনীতির কথা তুলে ধরেন। তিনি গুরুত্ব দিয়ে বলেন, ইরান সংকটের সময় এই শক্তিশালী দেশগুলোর নিরপেক্ষ অবস্থান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে।

erdogan

 

তুর্কি প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে ট্রাম্প বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই যুদ্ধ থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছিলেন। ইসরায়েলকে পছন্দ না করায় এই যুদ্ধে ইরানের পক্ষে অংশ নেওয়ার সবচেয়ে বড় দাবিদার ছিলেন তিনি। আমি তাকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানালে তিনি তা রেখেছেন।” এরদোয়ানকে একজন চমৎকার সামরিক দূরদর্শিতাসম্পন্ন নেতা বলেও অভিহিত করেন ট্রাম্প।

 

চীনের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দুর্দান্ত ভূমিকা পালন করেছেন। চীনের ব্যবহৃত জ্বালানি তেলের অর্ধেকই আসে মধ্যপ্রাচ্য থেকে, তাই তিনি চাইলেই এই যুদ্ধে জড়াতে পারতেন। তবে আমি তার অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে অনুরোধ করায় তিনি যুদ্ধ থেকে দূরে থাকেন।”



রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই সংঘাত থেকে নিজের সামরিক বাহিনীকে দূরে রেখেছেন বলে জানান ট্রাম্প। মস্কোর অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে, পুতিনের এই মুহূর্তে মনোযোগ দেওয়ার মতো নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবে মূল কথা হলো, তারা সবাই এই যুদ্ধ থেকে পুরোপুরি বাইরে ছিলেন, যা সত্যিই আশ্চর্যজনক ও দারুণ বিষয়।”

সূত্র: তাস

তাসনিম হোসেন