ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পাশে দাঁড়াল আর্জেন্টিনা ও ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৪:১২ পিএম

ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো। বুধবার (২৪ জুন) দেশটির দুর্গত মানুষের প্রতি গভীর সংহতি জানিয়ে ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের মানবিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন আঞ্চলিক নেতারা।

দুর্যোগের এই কঠিন মুহূর্তে সবার আগে সহায়তার হাত বাড়িয়েছে বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই বিপদে বলিভিয়ার জনগণ সবসময় পাশে আছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভেনেজুয়েলা সরকারের চাহিদা অনুযায়ী দ্রুত সব ধরনের সাহায্য পাঠানো হবে।

সহায়তায় দ্রুত পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জরুরি নির্দেশনা দিয়েছেন। কারাকাসে অবস্থিত ব্রাজিলীয় দূতাবাসকে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে ভেনেজুয়েলার জন্য প্রয়োজনীয় মানবিক ও প্রযুক্তিগত সহায়তার রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি জানান, দুর্যোগ কাটিয়ে উঠতে ভেনেজুয়েলা যে ধরনের সহযোগিতা চাইবে, বন্ধুত্বের নজির হিসেবে উরুগুয়ে তা সরবরাহ করতে পুরোপুরি বদ্ধপরিকর।

অন্যদিকে, দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক বিবৃতিতে জানান, কূটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনীতি পাশে ঠেলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। ভেনেজুয়েলার এই সংকটে আর্জেন্টিনা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

ক্ষয়ক্ষতি সামাল দিতে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে তৈরি হওয়া এই ঐক্য ও সংহতি আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

তাসনিম হোসেন