ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় বুধবারের শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭০০ জন। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

বুধবার (২৪ জুন) মাত্র এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি প্রচণ্ড ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি আফটারশক বা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকাগুলো। বিশেষ করে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো ও ফালকোন রাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাবোবো রাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানে ৭.check৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই জোড়া ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর ঝুঁকি রয়েছে ৩০ শতাংশ।

ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ভূমিকম্প প্রতিরোধী না হওয়ায় কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু বহুতল ভবন ধসে পড়েছে। অনেক ভবন মারাত্মক ঝুঁকিতে থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুর্যোগের পর থেকে রাজধানী কারাকাসসহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং ধসে পড়া ভবনগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

তাসনিম হোসেন