পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার আহ্বান: রাজশাহীতে ছাত্রশিবির

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজে দোয়া মাহফিল এবং শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (২৪ জুন) কলেজের শামসুদ্দিন হোস্টেলের হলরুমে ছাত্রশিবির নিউ গভঃ ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা জোগাতে বিশেষ আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা কেবল পরীক্ষায় জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, নিজেদেরকে সৎ, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, সময়ের সঠিক মূল্যায়ন এবং ইসলামী জীবনবিধান অনুসরণের পরামর্শ দেওয়া হয়।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর সাহিত্য সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, নিউ গভঃ ডিগ্রি কলেজ থানা শাখার সভাপতি আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যে তাদের হাতে কলম, স্কেলসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সবশেষে পরীক্ষার্থীদের সামগ্রিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

তাসনিম হোসেন