১৭ বছরের আন্দোলনই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: এ্যানি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনই ভিত্তি তৈরি করেছে বলে দাবি করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য ও সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘আমরা বাংলাদেশি’ আয়োজিত ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের আগে দীর্ঘ ১৭ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়েছে এবং সেই ধারাবাহিক আন্দোলনই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে। পরে অন্যরা আন্দোলনের কৃতিত্ব দাবি করলেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মী দেশ ছাড়েননি এবং সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগও নেই। পাশাপাশি নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। এখনো সব সমস্যার সমাধান সম্ভব না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন। সবাই সহযোগিতা করলে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিগত ১৭ বছরের দুর্নীতি ও লুটপাটের কারণে নানা সংকট তৈরি হয়েছে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার সেসব সমস্যা মোকাবিলায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনা অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তাসনিম হোসেন