রাবিতে লীগ পেটানোকে কেন্দ্র করে গঠিত হলো তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ভয়ভীতি দেখানোর অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর দপ্তরে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন নেতা এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ করেন। পরে প্রক্টর দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মারধরের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হন। হামলা ঠেকাতে এগিয়ে আসা কয়েকজন সাধারণ শিক্ষার্থীও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষক, প্রক্টরিয়াল বডি ও পুলিশ হস্তক্ষেপ করে। পরে প্রশাসনের সঙ্গে বৈঠকে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, মারধরের ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্রদল। অন্যদিকে, ঘটনাকে ‘জনতার সহিংসতা’ আখ্যা দিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছে ক্যাম্পাসের বামপন্থী ছাত্রসংগঠনগুলো।

এ ঘটনায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আনাস ও মাহমুদুল হাসানকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে মতিহার থানা পুলিশ। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

তাসনিম হোসেন