যশোরে জামায়াত এমপির বাসায় হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মদদ থাকার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, যশোর শহরের নীলগঞ্জ এলাকায় পরিকল্পিতভাবে একদল ব্যক্তি গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

মিয়া গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং দেশে-বিদেশে তার চিকিৎসা চলছে। তার আচরণকে কেন্দ্র করে যে ঘটনার সৃষ্টি হয়েছিল, সেটি ইতোমধ্যে মীমাংসা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি এবং জনতাকে উসকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দলটি আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জামায়াতকে উদ্দেশ্য করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 
 
 

তাসনিম হোসেন