পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলিতে নিহত ২০, আহত অর্ধশতাধিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে নির্বাচন বর্জন আন্দোলন ঘিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় সমবেত আন্দোলনকারীদের ওপর সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ করে নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত পাকিস্তানি বাহিনীর গুলিতে ৮০ জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে রাজপথে মরদেহ পড়ে থাকা এবং নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের দাবি করেছে এনডিটিভি।

এদিকে, স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী আকিল ভাই এক ভিডিও বার্তায় পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন। তিনি দাবি করেন, এলাকায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।

সোমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তীক্ষ্ণ নিশানাধারী সদস্য মোতায়েন এবং কিছু এলাকায় ইন্টারনেট, মোবাইল, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রাখার অভিযোগও উঠেছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিধানসভায় মোট ৫৩টি আসন রয়েছে। এর মধ্যে ৪৫টি আসনে সরাসরি ভোট হয়, আর বাকি ৮টি আসন নারী, বিশেষজ্ঞ ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সংরক্ষিত। বর্তমানে ধাপে ধাপে ভোটগ্রহণ চলছে।

 
 
 

তাসনিম হোসেন